জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ইউনিয়নভিত্তিক বাছাই পর্ব শেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার একটি দলসহ মোট ৯টি বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। “সুস্থ দেহ, সুস্থ মন—খেলাধুলায় গড়ে উঠুক ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন সরকারি কাজে ব্যস্ত থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন। প্রধান অতিথি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ ঢাকায় জরুরি কাজে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠান এবং আয়োজকদের অভিনন্দন জানান।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুল হক হাওলাদার। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় জামাত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলগুলো জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্সআপ ট্রফি, ম্যান অব দ্য ম্যাচ, সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। এটি শিক্ষার্থীদের শরীর ও মনকে সুস্থ রাখে এবং সুষম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, প্রাথমিক স্তরই শিক্ষার্থীদের জীবনের ভিত্তি, তাই এ পর্যায়ে নৈতিকতা ও আদর্শিক শিক্ষা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন হবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সালেহা পারভীন।