কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির দেওয়া রহস্যময় একটি কার্টন খুলতে গিয়ে বিস্ফোরণে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক নাসির শেখ (৫০) লাহিনী কর্মকারপাড়ার বাসিন্দা। তিনি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি ভ্যানচালক নাসির শেখকে একটি কাগজের কার্টন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। গন্তব্য ছিল লাহিনী কারিগর পাড়ার এক বাসিন্দা হামিদুলের বাড়ি। বিনিময়ে ওই ব্যক্তি নাসিরকে ৩০ টাকা ভাড়াও দেন।
নাসির কার্টনটি নিয়ে হামিদুলের বাড়িতে গেলে তিনি সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে কার্টনটি নিয়ে তিনি আবার লাহিনী বটতলায় ফিরে আসেন। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে তিনি টেপ মোড়ানো কার্টনটি খুলতে গেলে ভেতরে থাকা একটি বাক্স থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কার্টনের ভেতরে কী ছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদঘাটনে পুলিশ সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।