ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম, অডিটে ২১ লাখ টাকা বেতন ফেরতের সুপারিশ
বিশেষ প্রতিনিধি মো:আরিফুল ইসলাম
পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলীর নিয়োগে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক পরিদর্শন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে তার নিয়োগ বিধিসম্মত হয়নি উল্লেখ করে প্রাপ্ত সরকারি বেতন-ভাতার প্রায় ২১ লাখ টাকা ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রধান শিক্ষক মো. আনছার আলী (ইনডেক্স-৫৪৭২৮৯) ৩০ সেপ্টেম্বর ২০১২ তারিখে যোগদান করেন। নিয়োগ সংক্রান্ত নথি যাচাই করে দেখা যায়, ২৫ মার্চ ২০১১ তারিখে প্রথমবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তাতে উল্লেখ ছিল—প্রথমবার আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। সে অনুযায়ী তিনি প্রথম বিজ্ঞপ্তির ভিত্তিতেই আবেদন করেন এবং পরে আর আবেদন করেননি।
নথিতে আরও দেখা যায়, তিনি এর আগে ভাঙ্গুড়া উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়ে ৫ জানুয়ারি ১৯৯৫ থেকে ২৮ সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত কর্মরত ছিলেন। দাখিলকৃত এমপিও কপিতে দেখা যায়, জানুয়ারি ২০০০ থেকে তিনি এমপিওভুক্ত হন। ৪ ফেব্রুয়ারি ২০১০ সালের নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন ছিল, যা তার পূর্ণ হয় ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে।
কিন্তু প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ ছিল ৮ এপ্রিল ২০১১। ওই সময় তার অভিজ্ঞতা ছিল ১১ বছর ৩ মাস ৭ দিন, যা প্রয়োজনীয় ১২ বছরের কম। ফলে নীতিমালা অনুযায়ী তার আবেদন বাতিলযোগ্য ছিল। কিন্তু তা বাতিল না করে গ্রহণ করা হয় এবং পরবর্তীতে তাকে নিয়োগ দেওয়া হয়, যা বিধিসম্মত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ কারণে তিনি সরকারি বেতন-ভাতা পাওয়ার যোগ্য নন এবং ১ অক্টোবর ২০১২ থেকে ৩১ জানুয়ারি ২০২০ পর্যন্ত গ্রহণ করা ২১,১৭,৪০০ টাকা সরকারি কোষাগারে ফেরতযোগ্য। পাশাপাশি ৩১ জানুয়ারি ২০২০-এর পর প্রাপ্ত বেতন-ভাতাও ফেরতযোগ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে প্রধান শিক্ষক মো. আনছার আলীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। খোঁজ নিয়ে পরে জানানো হবে।