পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন, পার্বতীপুরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষক মোঃ শাহ আলম। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কৃষিপণ্যের নমুনা প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেব নাথ, পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিব হোসাইন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আলী রুবেলসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথি মোঃ শাহ আলম বলেন, দেশের কৃষি খাত ইতোমধ্যেই সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা বাড়াতে হবে এবং পুষ্টি নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ সাদ্দাম হোসেন বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি উদ্যোক্তা তৈরি জরুরি। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি হচ্ছে।
বিশেষ অতিথি সঞ্জয় দেব নাথ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশকের সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার জরুরি। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিব হোসাইন জানান, কৃষকদের দক্ষতা বাড়াতে কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে।
অনুষ্ঠানে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের উপকারভোগীরা অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।