সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত মরমী সাধক হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামসুল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টায় সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া এলাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দেওয়ান ইছকন্দর রাজা চৌধুরী সুবক্ত রাজা।
দেওয়ান শামসুল আবেদীন সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি পরিবারে ৯ ভাই ও ৫ বোনের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিলেন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ব্যক্তিগত জীবনে তিনি সদালাপী, বিনয়ী ও মানবিক গুণাবলির অধিকারী রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ সোমবার বেলা ২টায় লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় অংশগ্রহণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।