
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার থেকে খাদিমপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক পাকা করণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিয়ম না মেনে কাজ করায় সড়কটির স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন সড়কের যথাযথ এজিং না করেই কাজ শুরু করা হয়েছে। এমনকি রাস্তা খুঁড়ে সরানো মাটি ও পুরাতন উপকরণ যথাযথভাবে অপসারণ না করেই নতুন কাজ চালানো হচ্ছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী মেকাডম (পাথরের বেস) তৈরি না করে পুরাতন মেকাডমের ওপরই নতুন পাকা স্তর দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এছাড়া নির্মাণ কাজে নিম্নমানের পাথর ও বালু মিশিয়ে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আরও গুরুতর অভিযোগ হিসেবে স্থানীয়রা বলছেন, বিটুমিনের সঙ্গে মোবিল মিশিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে, যা নিয়মবহির্ভূত এবং সড়কের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “এ ধরনের কথা আপনারা সাংবাদিক ফজলু ছাড়া আর কেউ বলেন না। ঠিকাদার কিছু অনিয়ম করতেই পারে, আমরা তো সব সময় সেখানে বসে থাকতে পারি না।”
বিটুমিন ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, “আপনিও তো ফজলুর মতোই কথা বলছেন।”
অন্যদিকে সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন, মেকাডম নির্ধারিত লেভেল অনুযায়ী করার নিয়ম রয়েছে এবং সেখানে কারচুপির সুযোগ নেই। তবে বিটুমিন ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়কের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, যথাযথ তদারকি না থাকলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগ আরও বাড়তে পারে।