
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের করিমালি গ্রামে বেতনা নদীর সংযোগ খালের ওপর ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী এ.এম. সাইফুল ইসলাম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক, নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামান বাবলু, স্থানীয় বিএনপি নেতা হারুনুর রহমান, নাভারণ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিনুর রহমান, সেক্রেটারি মোমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
জানা গেছে, নাভারণ ইউনিয়নের পাঁচপোতা বাজার সংলগ্ন খালের ওপর ৯.৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা এবং কার্যাদেশ মূল্য ৩৩ লাখ ৮৩ হাজার ২৪৪ টাকা ৫০ পয়সা। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং তত্ত্বাবধানে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
এদিন এমপি ডা. ফরিদ পাঁচপোতা বাজার থেকে বাগগামী সড়কের ওপর অবস্থিত জরাজীর্ণ ব্রিজটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন যে, দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ প্রকল্পটি সংসদে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
অপরদিকে তিনি পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনও পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের উন্নয়ন কাজ অল্প সময়ের মধ্যে সরকারি বরাদ্দের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে শিক্ষকবৃন্দকে জানান তিনি।