শ্রমিক হোস্টেলের টয়লেটে গলাকাটা যুবক, হাসপাতালে মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া যুবক ইয়াকুব আলী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
সহকর্মীরা জানান, গুরুতর আহত অবস্থায় ইয়াকুবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইয়াকুব আলীর বাড়ি গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক। তিনি একটি মেটাডোর কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান জানান, কারখানার পাশেই শ্রমিকদের হোস্টেল। একটি কক্ষে প্রায় আটজন কর্মচারী থাকেন এবং ঘটনার সময় সবাই ডিউটিতে ছিলেন। ইয়াকুবও রাতে ডিউটিতে ছিলেন, তবে অসুস্থ বোধ করায় রাত ১টার দিকে তিনি হোস্টেলে ফিরে আসেন। কিছুক্ষণ পরই তাকে টয়লেটে গলাকাটা অবস্থায় পাওয়া যায়।
কামরাঙ্গীরচর থানার তদন্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিনটি ব্লেড উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
তিনি আরও জানান, কীভাবে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।