সুন্দরবনে কোস্ট গার্ড অভিযানে শীর্ষ সহযোগী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
আরিফ হাসান গজনবী
বিশেষ প্রতিনিধি (রামপাল), বাগেরহাট
দস্যুপ্রবণ সুন্দরবন এলাকায় ফের সফল অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫)কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের নির্মূলে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, তৃতীয় দফায় পরিচালিত ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার শুকদারা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিবারের সঙ্গে দেখা করতে আসা আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আব্দুস সামাদ মোল্লা দীর্ঘদিন ধরে ‘ছোট সুমন বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যুতার সঙ্গে জড়িত ছিল। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।