
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪
নোয়াখালীর কবিরহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার উপজেলার বাটইয়া ইউনিয়নের স্বর্ণকার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ওই দিন বাড়িতে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে শিশুটিকে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয়। পরে তাকে ছুঁড়ে ফেলা হলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর নিহত শিশুর মায়ের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।