
রংপুর মহানগরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে মহানগরের মাহিগঞ্জ এলাকার খাসবাগ থেকে সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামের ওই নেতাকে আটক করা হয়। তিনি রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। আটক ব্যক্তি নগরীর খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রেলস্টেশনগামী সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেনসিডিল, একটি মোটরসাইকেল এবং একটি ব্যাগ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ি উপজেলা থেকে দুই দিন আগে ওই ফেনসিডিল সংগ্রহ করা হয়। পরে তা ঢাকায় অন্য এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান চলাকালে সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাকে থামিয়ে তল্লাশি করা হলে ব্যাগের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই স্বেচ্ছাসেবক দল রংপুর মহানগর কমিটি জরুরি সিদ্ধান্তে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এক যৌথ বিবৃতিতে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সাজেদুল ইসলাম শোয়েবকে তাৎক্ষণিকভাবে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।