
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম ও নৌকা জব্দ করা হয়।
জানা যায়, ১৬ এপ্রিল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার একলাশপুর, বোরোচর, মোহনপুর ও দশানী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫টি নৌকা, ৪টি বেহুন্দী জাল এবং প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটক জেলেদের মধ্যে ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে ৮ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে উদ্ধারকৃত প্রায় ২০০ কেজি জাটকা ও পাঙ্গাশের পোনা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।