হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত। হজযাত্রীদের সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হাজী ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। হজযাত্রাকে সামনে রেখে ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ও সেবার মান যাচাই করতেই এ পরিদর্শন করা হয়।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে উড়াল দেবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। পরিদর্শনকালে ধর্মমন্ত্রী ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন এবং ক্যাম্পের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, যাত্রা প্রস্তুতি ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে চান। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন—সরকার সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, “যা করার দরকার, তাই করবো।”