
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:শাহিনুর রহমান
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজারে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবের বাজারের ব্যবসায়ী শাহজালাল ইসলাম (নয়ন)-এর কাছে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেলিম, জসিম, মিন্টু, হাবিব ও হানিফ মেম্বারসহ কয়েকজন মিলে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে তিনি আহত হন এবং দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট আংশিক বন্ধ রেখে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে। প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।