মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণ সদরের টিএন্ডটি এলাকা থেকে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আকতার গাজী (৫৩) ও তার ছেলে অনিক গাজী (২২)-কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার এসআই জীবন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। অভিযানকালে আকতার গাজীর নিজস্ব ভবনের তৃতীয় তলা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকতার গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় আটটি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার গ্রেপ্তার হন। সর্বশেষ ২০২৫ সালে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।
অপরদিকে, তার ছেলে অনিক গাজীর বিরুদ্ধেও মাদক সেবন ও ব্যবসার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের একটি মামলাও রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী বিল্লাল ফরাজি ও মনিরুল ইসলাম আরমান জানান, আকতার গাজীর মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ বিষয়ে স্থানীয়রা এর আগেও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবা-ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।