
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান সেশনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কোমলমতি শিক্ষার্থীরা, এমটিইপিআই কর্মী, স্বাস্থ্য সহকারীসহ স্থানীয় সমাজসেবক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা রোগ প্রতিরোধে এ ধরনের টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার সকল শিশুকে টিকার আওতায় এনে একটি সুস্থ ও সুরক্ষিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।