যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সোয়া ১০টায় ইউএস-বাংলার একটি নিয়মিত ফ্লাইটে সরকারপ্রধান যশোরে পৌঁছান।
পরে স্থানীয় নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। সেখান থেকে বাসে চড়ে সড়কপথে শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের শার্শার উলাশী খাল খনন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
পথিমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক যশোর রোডের ঝিকরগাছা অংশের দুই ধারে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় ফুলচাষিরা।
ফুলের রাজধানী খ্যাত পানিসারা–গদখালির কয়েক হাজার চাষি নিজেদের ক্ষেতের ফুল হাতে নিয়ে তারেক রহমানের বাসের দিকে ছিটাতে শুরু করেন।
এ সময় তারেক রহমান সড়কে না নামলেও বাসের ভেতর থেকে দু’হাত নাড়িয়ে চাষিদের অভ্যর্থনা গ্রহণ করে তাদের অভিবাদনের জবাব দেন।