
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়শা খাতুন হত্যা মামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
সকাল থেকে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে উত্তেজিত জনতা মিছিল নিয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হন ইউএনও মাহমুদুল হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।” প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বলেন, “পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় গত এক সপ্তাহ আগে দুই বছরের শিশু আয়শা নিখোঁজ হয়। কয়েক ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত আয়শা খাতুন ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।