
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ওয়ার্ডভিত্তিক মাদকবিরোধী প্রতিরোধ কমিটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঢাকিরগাঁও মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর এবং সাবেক কমিশনার শাহজাহান মল্লিক।
এছাড়া বক্তব্য রাখেন মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেল, সুজন পাটোয়ারী, খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাদক ব্যবসায়ী বা সেবনকারী কেউই ছাড় পাবে না, তারা যে দল বা পরিচয়েরই হোক না কেন। সমাজকে মাদকমুক্ত করতে কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে ওসি হাফিজুর রহমান বলেন, “মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী কমিটি ও যুবসমাজ সক্রিয় থাকলে মাদক প্রতিরোধ সহজ হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শোয়েব আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।