
ফরিদপুরে তিন হত্যাকাণ্ড: মানসিক হতাশা ও বিয়ে সংক্রান্ত কারণ উল্লেখ করল পুলিশ
ফরিদপুরে ঘটে যাওয়া আলোচিত তিন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও আকাশকে বিয়ে না দেওয়া এবং দীর্ঘদিনের মানসিক হতাশা থেকেই সে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ ওই ঘটনায় তিনজনকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পরপরই এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।