
মোঃ মেহেদী হাসান
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় আর্থিকভাবে অস্বচ্ছল দশম শ্রেণির দুই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। তিনি তাদের প্রয়োজনীয় বই প্রদান করে সহযোগিতা করেন।
সহায়তা পাওয়া দুই শিক্ষার্থী হলেন মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিতম সরকার ও রুদ্র সরকার। সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে শামীম সরকার তাদের বাড়িতে গিয়ে হাতে বই তুলে দেন। বই পেয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থী প্রিতম সরকার বলেন, “বইয়ের খুব প্রয়োজন ছিল, কিন্তু আর্থিক সংকটের কারণে কিনতে পারছিলাম না। এমন সময়ে পাশে দাঁড়িয়ে বই দিয়ে সহায়তা করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামীম সরকার ভাই।” তারা আরও বলেন, তিনি যেন ভবিষ্যতেও অসচ্ছল মানুষের পাশে থাকতে পারেন—এ কামনা করেন।
শামীম সরকার বলেন, “প্রয়োজনে কেউ আমার কাছে এলে সহায়তার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।” তিনি আরও বলেন, “প্রয়োজনে আমি নিজে কষ্ট করি, কম খাই, নিজের পছন্দ বিসর্জন দিয়ে অন্যের স্বপ্ন পূরণে চেষ্টা করি। ছাত্ররা যখন ব্যক্তিগত বা সংগঠনের বিষয়ে সহযোগিতা চায়, আমি সমাধানের চেষ্টা করি—যাতে তারা অনুপ্রাণিত হয় ও সাহস পায়।”
তিনি জানান, শুধু শিক্ষার্থী নয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।