রূপগঞ্জে বালু নদের উপর কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন
সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের উপর কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ডেমরা-কামশাইর সড়কের কেওডালা-কায়েতপাড়া নদীরঘাট এলাকায় এলজিইডির অর্থায়নে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু ৬২৫ দশমিক ৩৫ মিটার দীর্ঘ নির্ধারণ করা হয়েছে।
২৬ এপ্রিল রোববার সকালে সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বালু নদীর উপর এ সেতুটি নির্মিত হলে রূপগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে স্থানীয় মানুষের। এই সেতু শুধু যাতায়াত সহজ করবে না, বরং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে।
তিনি আরও বলেন, কায়েতপাড়া ও রূপগঞ্জের বালু নদে অন্তত চারটি সেতুর নির্মাণ কাজ কয়েকটি মহল বছরের পর বছর বন্ধ করে রেখেছিল। এই সেতুগুলো সময়মতো নির্মিত হলে এলাকার মানুষের ভাগ্য বদলে যেত। বাড়ত জায়গা-সম্পত্তির দাম। কিন্তু যারা রূপগঞ্জবাসীর উন্নয়ন চায়নি তারাই এ কাজে লিপ্ত ছিল। এখন থেকে আর রূপগঞ্জের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না।