
লালমনিরহাট বিশেষ প্রতিনিধি: মোঃ রেজাউল করিম
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার আউদিয়ার দোলা মখড়া ঢঢগাছ এলাকার মিঠুর পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।
নিহত আখতার হোসেন একই ইউনিয়নের কাঁশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।