
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার | আমার সকাল ২৪
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাটনারপাড়া এলাকায় করোনেশন স্কুলের পাশে “মা এন্টারপ্রাইজ” নামক একটি অটোমোবাইল দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানে অনুমোদনহীনভাবে প্রায় ২০০ লিটার অকটেন ও পেট্রোল মজুদ রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে—লিটারপ্রতি ২০০ টাকা—বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে জানা যায়, খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রি করে আসছিল। এছাড়া বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন না থাকায় বিষয়টি গুরুতর ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে “মা এন্টারপ্রাইজ”-এর স্বত্বাধিকারী বিপ্লবকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জব্দকৃত ১৮০ লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি চৌকস দল।