
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
রাজধানীর মিরপুর এলাকায় পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)–মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম জাহিদ হোসেন (২১)।
রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসা থেকে পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ ও সরবরাহ করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে জাহিদ হোসেনকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একাধিক সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম—বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।