
কাউছার মিয়া, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ (মানিকগঞ্জ জেলা শাখা), আল-ইনসাফ মানবিক ফাউন্ডেশন এবং গ্রাম পুলিশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেনের নেতৃত্বে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে ইউএনও নাহিয়ান নুরেন বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব। এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।