
বিশেষ প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে মোঃ ফারুক হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে অষ্টমনীষা ইউনিয়নের সিংগাড়ী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। তার তৈরি ভেজাল দুধ ব্র্যাক কুলিং সেন্টারসহ ভাঙ্গুড়ার বিভিন্ন কুলিং সেন্টারে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার এক কর্মচারীকে ভেজাল দুধ তৈরি ও পরিবহনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান। এরপরও তারা নিয়মিত এই ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সরেজমিনে জেলি ও ভেজাল দুধ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ সময় ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে প্রায় ২০০ লিটার ভেজাল জেলি (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) ধ্বংস করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এ ধরনের ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।