
সাইদুল ইসলাম
বালাগঞ্জ, সিলেট
সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলায় অবস্থিত প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সকে ঘিরে অনিয়ম, অতিরিক্ত বিল আদায় ও নিম্নমানের চিকিৎসাসেবার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বাস্থ্য প্রশাসনের নির্দেশে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে হাসপাতালটির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়। ওই প্রতিবেদনে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং মানহীন চিকিৎসাসেবার কারণে রোগীদের ঝুঁকিতে পড়ার বিষয়টি উল্লেখ করা হয়।
পরবর্তীতে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি স্মারকের মাধ্যমে তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করে।
গঠিত কমিটিতে রয়েছেন—সহকারী সার্জন ডা. রুবাইয়া আহমদ, সহকারী ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল জাহিদ, স্বাস্থ্য পরিদর্শক সুযেন চন্দ্র দাশ এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রী টোকন কুমার।
কমিটিকে ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।
এদিকে অভিযোগটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা—বিশেষ করে রক্তের ক্রস-ম্যাচিংয়ের ক্ষেত্রে নির্ধারিত ফি-এর চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে, যা সাধারণ রোগীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, চিকিৎসা-সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয়ের কারণে মোট বিল কিছুটা বেশি হতে পারে, যা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
স্বাস্থ্য প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আর অভিযোগ অসত্য হলে তা-ও স্পষ্টভাবে জানানো হবে।
সচেতন মহলের মতে, স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের তদন্ত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।