সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি ::
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগবাড়ীস্থ পিডিবি গেটের সামনে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়।
তারা হলেন— সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আশকুড়ি বীরগাঁওয়ের পারভেজের ছেলে সাদি ইসলাম সানি (১৮), একই জেলার মধ্যনগর থানার চামারদানি গ্রামের আবদুল হামিদের ছেলে আবুল মোড়ল (১৮), তাহিরপুর থানার মাহমুদপুরের রিপন তালুকদারের ছেলে রিফাত তালুকদার (১৮), একই থানার রামসিমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জনি আহম্মেদ (১৯) এবং হবিগঞ্জের বানিয়াচংয়ের শরিফ উদ্দিন রোডের জিয়াউর রহমানের ছেলে নাহিদ আহমেদ রনি (১৮)।
তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
এদিকে, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাস্টঘর এলাকা থেকে আবদুর রহিম (১৯) নামের কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার টুকেরাগাঁওয়ের লিয়াকত আলীর ছেলে। আবদুর রহিম ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে শুক্রবার অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতদের একজন সিয়াম (২৩)। তিনি নগরের বালুচর এলাকার বাসিন্দা। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নগরীতে কিশোর গ্যাং দমনে অভিযান অব্যাহত থাকবে।













