শ্যামনগরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেপ্তার
মুনসুর হেলাল, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়াললক্ষ্মী এলাকার ফারকুল ইসলাম বুলবুল (৩৩) এবং তার পিতা শাহানুর মোল্যা (৫৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার একটি দল আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ বাজার এলাকায় অবস্থান নেয়। পরে নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
তল্লাশি চালিয়ে ফারকুল ইসলামের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার পিতা শাহানুর মোল্যার দেখানো মতে দোকানের ভেতর থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পিতা-পুত্র দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং এলাকার তরুণদের মাঝে এসব সরবরাহ করত।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেকুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।