
উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ওসমান গনি মনা (৩৫) গ্রেফতার হয়েছেন। গত ২৬ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।