
মোঃ সাইফুল ইসলাম লিংকন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী এলাকায় নয় বছরের এক শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে মসজিদের ইমাম মাইনুল ইসলাম (২৭)–কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মধ্য দিঘলদী মাস্টার বাজার এতিমখানা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন এবং তার বাড়ি বরিশাল জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি দীর্ঘদিন ধরে ওই ইমামের কাছে আরবি শিক্ষা গ্রহণ করছিল। গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এতিমখানায় যাওয়ার পর শিশুটির সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠে।
ঘটনার পর শিশুটি বিষয়টি পরিবারকে জানালে তার বাবা অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। পরে এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়লে শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরবর্তীতে শিশুটির পিতা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জানান, আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।