যশোরের ঝিকরগাছায় কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বয়ে যাওয়া এই ঝড়ে উপজেলার বাঁকড়া বাজার সংলগ্ন আলিপুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, আলিপুর গ্রামের ইবাদ আলী সরদারের ঘরের ওপর একটি বড় নারিকেল গাছ উপড়ে পড়লে ঘরটি দুমড়ে-মুচড়ে যায়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অল্পের জন্য পরিবারের সদস্যরা রক্ষা পেয়েছেন। এছাড়া বাঁকড়া বাজার হাইস্কুল রোডের চা বিক্রেতা খোকনের দোকানের চাল উড়ে গিয়ে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে বাঁকড়া বাজার-দিগদানা সড়কের পাশে থাকা বিশাল আকারের চারটি গাছ উপড়ে ধানের ক্ষেতে পড়ে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। গাছগুলো উপড়ে পড়ার সময় রাস্তার একাংশ ধসে যাওয়ায় বর্তমানে সেখানে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দিগদানা গ্রামের কৃষক নূর ইসলাম ও সাইদুল ইসলাম জানান, ঝড়ে তাদের ধানের জমির ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত গাছ অপসারণ ও সরকারি সহায়তার দাবি জানান।
স্থানীয়রা জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে বেশ কয়েকটি টিনের ঘরের চালা উড়ে যায় এবং বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।