গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ নাজমুল হক নয়ন, স্টাফ রিপোর্টার |
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি কাশিয়ানী থানার পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আকাশের কাছ থেকে ৯ হাজার ৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার গতিবিধি নজরদারিতে রেখে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।