
মোঃ নাজমুল হক নয়ন, স্টাফ রিপোর্টার
মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) জানিয়েছে, এখন থেকে কোটা আবেদন থেকে শুরু করে নিয়োগের চূড়ান্ত অনুমোদন পর্যন্ত সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।
বুধবার (১৫ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই নতুন ব্যবস্থায় ম্যানুয়াল বা সরাসরি আবেদনের কোনো সুযোগ থাকবে না। স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিদেশি কর্মী নিয়োগের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS) প্ল্যাটফর্ম। আগ্রহী নিয়োগকর্তারা সরাসরি fwcms.com.my ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন জমা দিতে পারবেন।
নতুন ডিজিটাল ব্যবস্থার আওতায় থাকছে—
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের জন্য নির্ধারিত অবশিষ্ট কোটা সীমার ভিত্তিতেই নতুন আবেদন গ্রহণ করা হবে। সরকার অনুমোদিত নির্দিষ্ট সেক্টর ও সাব-সেক্টরের জন্যই আবেদন করা যাবে। কোনো খাতে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ওই ক্যাটাগরিতে আবেদন গ্রহণ বন্ধ করে দেবে।
আবেদনকারীদের সুবিধার্থে একটি বিস্তারিত ফ্লো-চার্ট প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো দেখানো হয়েছে। যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য মানদণ্ড সম্পর্কেও বিস্তারিত তথ্য এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
ভুল বা অসম্পূর্ণ আবেদন এড়াতে আগেই সব নথিপত্র যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক নিয়ম মেনে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।