
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের জানান, তিনি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন এবং সুষ্ঠু নির্বাচন আশা করছেন।
সারজিস আলম বলেন, প্রতিটি কেন্দ্রের নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ থাকে, ভোটগ্রহণে যুক্ত কর্মকর্তাদের পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। তিনি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহনশীল আচরণের ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীদের বাধা ও হুমকি দেওয়া হয়েছে, তবে আজকের দিনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা সুস্থ ভোটে সর্বাত্মক সহযোগিতা করবো।”
দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯৯ সংসদীয় আসনে ৪২,৭৭৯টি কেন্দ্রের ২,৪৭,৪৮২টি ভোটকক্ষে ভোট হবে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও ২,০২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল হয়েছে।