ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান ফলন বৃদ্ধিতে কৃষক কর্মশালা অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: আধুনিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করে হাইব্রিড ধানের ফলন বাড়ানোর লক্ষ্যে লালমনিরহাটের দুড়াকুটি বাজারে এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় BRAC Seed and Agro Enterprise-এর আয়োজনে দুড়াকুটি বাজার এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রায় ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় আয়োজকরা জানান, হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির পাশাপাশি জৈব বালাইনাশকের ব্যবহার বাড়িয়ে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহামেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার রাশেদুল ইসলাম, টেরিটরি সেলস অফিসার (লালমনিরহাট) মোঃ আবু নোমান সিদ্দিক এবং ব্র্যাক সিড ডিলার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।