
উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার ( চট্টগ্ৰাম )
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসি মোড় এলাকায় ১৯ এপ্রিল (রোববার) দুপুরে ‘মেট্রো প্রভাতী’ পরিবহনের একটি চলন্ত বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ভরদুপুরে জনাকীর্ণ এই মোড়ে চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং আশেপাশের রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগুন লাগার সাথে সাথে বাসের ভেতর থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্রাণভয়ে জানালা ও দরজা দিয়ে দ্রুত নামার চেষ্টা করেন সবাই। এই সময় নামতে গিয়ে এক নারী যাত্রী গুরুতর আহত হন। উপস্থিত পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ভেতরের অংশ আগুনে অনেকাংশেই পুড়ে গেছে।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। নগরীর প্রাণকেন্দ্রে এই বাস দুর্ঘটনার ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।