
সাজেদুল ইসলাম রাসেল
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার বগুড়া সদর উপজেলায় বিশেষ কায়দায় ম্যাগনেটের সাহায্যে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে সদর থানাধীন নওদাপাড়া এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালর সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে জয়পুরহাটগামী এস.আই এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের G-1 সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা এক যাত্রীর দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে ম্যাগনেট দিয়ে আটকানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তি মোঃ জামাল (৩৫), কক্সবাজার জেলার ঈদগাঁও থানার হাজীপাড়া ইসলামপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেটে মোট ১ হাজার পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১০০ গ্রাম। এছাড়া ইয়াবা বহনে ব্যবহৃত দুটি ম্যাগনেটের টুকরা এবং একটি রিয়েলমি নারজো ৫০ মডেলের মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।