
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) ও মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের সময় “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে। সেখান থেকে পাওয়া তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে একই দিন রাত ৮টা ২০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো তাজপুর এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বগুড়ার ধুনট থানা এলাকায় অভিযান চালিয়ে সালমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই দিন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নবাবগঞ্জ বাজার সংলগ্ন দাদনপুর মালিপাড়াগামী সড়ক থেকে মেছবাউল আলম মাহিনকে আটক করা হয়।
এর ধারাবাহিকতায় শুক্রবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নওগা ইউনিয়নের শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার সংলগ্ন এলাকা থেকে মহিদুজ্জামান মুন্নাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণামূলক কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, তারা অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল। এর মাধ্যমে একটি স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছিল।
এ ঘটনায় ডিএমপি রমনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।