
মোঃ আমজাদ হোসেন
বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তরের আয়োজনে এ মেলা শুরু হয়, যা দেশীয় পাটশিল্পের প্রসার ও বহুমুখী ব্যবহারকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ নূরুল বাসির।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী ‘সোনালি আঁশ’। পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং নতুন নতুন পাটজাত পণ্যের প্রসারে এ ধরনের মেলার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তিনি পাটশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মেলায় দেশীয় বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের পাটজাত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। এতে পাটের তৈরি আধুনিক ও ব্যবহারিক নানা পণ্যের সমাহার রয়েছে। মেলাটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।