ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ডাকাত নাজমুল গ্রেফতার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের দীর্ঘদিনের নজরদারি ও গোপন অনুসন্ধানের পর আন্তঃজেলা ডাকাত দলের এক শীর্ষ সদস্য নাজমুল হক (৩৩) অবশেষে গ্রেফতার হয়েছেন। নাটকীয় অভিযানে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সক্রিয় একটি ডাকাত চক্রের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছে, নাজমুল হকের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত সাতটি মামলা রয়েছে। এছাড়া তার নামে আদালতের জারি করা দুটি গ্রেফতারি পরোয়ানাও ছিল, যার কারণে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত নাজমুল হক বিজয়নগর উপজেলার চানপুর এলাকার শফিক মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হবে।