রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট — এক মাসে ৬ ঘটনায় জনমনে আতঙ্ক
সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সর্বশেষ গত ২৪ এপ্রিল রাত আড়াইটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দরিকান্দি এলাকায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় কোটি টাকার মালামাল লুটে নেয়।
ভুক্তভোগী প্রবাসী হাফিজুর রহমান হিরণ মোল্লা জানান, মাত্র এক সপ্তাহ আগে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। ঘটনার রাতে প্রায় ৮–১০ জনের একটি সুসংগঠিত সশস্ত্র ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পিস্তল ঠেকিয়ে হিরণ মোল্লা ও তার পরিবারের সদস্যদের একটি কক্ষে জিম্মি করে রাখে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ ২৭ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার এবং সাড়ে ৪ হাজার ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ অপরাধীদের দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে এই ধরনের ডাকাতি সংঘটিত হওয়ায় এলাকায় প্রবাসী পরিবারগুলোর মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। রাতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।