শান্তিগঞ্জে প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন এমপি কয়ছর
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং শিশুদের মানসিক বিকাশে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামীর নেতৃত্ব দেবে। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে নিজ নিজ এলাকার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে পারে।”
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সমান গুরুত্ব প্রদান করতে হবে। শিক্ষা ও খেলাধুলার সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা গেলে বিদ্যালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়নের সার্বিক মর্যাদাও বৃদ্ধি পাবে।
টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে শিমুলবাঁক ইউনিয়নের জীবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে মেয়েদের ফাইনালে গণিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জয় করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।