বগুড়ায় ফ্যানের কার্টুনে লুকানো ৩২০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেফতার
সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি (বগুড়া):
বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় ফ্যানের কার্টুনের ভেতরে লুকিয়ে পাচারের সময় ৩২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) ভোরে ঢাকা–রংপুর মহাসড়কের সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি চাইমনক্য চাকমা (২২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহাজাহানপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচে (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬০) তল্লাশি চালিয়ে সন্দেহভাজন যাত্রী চাইমনক্য চাকমাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ফ্যানের খালি কার্টুন উদ্ধার করা হয়।
কার্টুনটির ভেতরে থাকা ১৬টি পৃথক প্যাকেট থেকে মোট ৩২০০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩২০ গ্রাম। এছাড়াও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাহাজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপপরিদর্শক মো. তাহিদুল আলম।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।