
মোঃ আরিফ হোসেন। স্টাফ রিপোর্টার।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর ঘাটে লুকিয়ে রাখা ২৭০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার একটি ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ মহিউদ্দিন (৪৫)। তিনি একই ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ২৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল।
ওসি মো. কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।