মতলব উত্তরে মাদকসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, মতলব, চাঁদপুর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা-তে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) উপজেলার পদুয়ার পাড় গ্রামের প্রধানীয়া বাড়ির সংলগ্ন কালিপুর পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি আসামিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ আবু রেজা মেহেদী হাসান।
এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মাদক চক্র সক্রিয় রয়েছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা যায়।