
স্টাফ রিপোর্টার, বান্দরবান | সুকেল তঞ্চঙ্গ্যা
পাহাড়ের রাজনৈতিক কেন্দ্রবিন্দু বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে জল্পনা-কল্পনা। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের শীর্ষ পদে কে আসছেন—সাবেক সংসদ সদস্য ম্যামাচিং নাকি সাশৈপ্রু—এ নিয়ে শহরের চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে ব্যাপক আলোচনা।
স্থানীয় রাজনৈতিক মহলে জানা গেছে, নেতৃত্বের দৌড়ে সাবেক সংসদ সদস্য ম্যামাচিং বেশ এগিয়ে আছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে এনেছে। অনেক নেতাকর্মীর মতে, বর্তমান পরিস্থিতিতে জেলা পরিষদের শৃঙ্খলা ও কার্যকারিতা ফিরিয়ে আনতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে আলোচনায় পিছিয়ে নেই সাশৈপ্রু। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা এবং প্রশাসনিক মহলে সুসম্পর্ক থাকার কারণে তাঁর নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে। দলীয় তরুণ অংশ এবং উন্নয়নকামী সাধারণ মানুষের মাঝে তাঁর আলাদা প্রভাব রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, এমন একজন নেতৃত্ব প্রয়োজন যিনি পাহাড়ের মানুষের অধিকার রক্ষা এবং উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে পারবেন।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। রাজনৈতিক নীতি-নির্ধারকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন নেতৃত্ব। শেষ পর্যন্ত অভিজ্ঞতার জয় হবে নাকি নতুন নেতৃত্বের সুযোগ মিলবে—তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
স্থানীয়দের প্রত্যাশা, যিনিই দায়িত্ব পান না কেন, বান্দরবানের উন্নয়ন, স্থিতিশীলতা এবং সম্প্রীতির ধারা বজায় রাখাই হবে প্রধান অগ্রাধিকার।