মার্কিন অবরোধ: ইরানের ৩৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের
পারস্য উপসাগর ও ওমান উপসাগর এলাকায় গত দুই সপ্তাহ ধরে ইরানের বন্দরগুলোকে ঘিরে মার্কিন নৌবাহিনীর অবরোধ চলছে। এ সময়ের মধ্যে ইরানের ৩৮টি জাহাজকে বন্দর থেকে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ৩৮টি জাহাজকে ঘুরিয়ে বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে জাহাজগুলোকে কোথায় থামানো হয়েছে বা কোন অবস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে গত সপ্তাহে ভারত মহাসাগরে ইরানের দুটি তেলবাহী ট্যাংকার আটক করে তল্লাশি চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের যেকোনো প্রান্তে ইরান-সংশ্লিষ্ট জাহাজ নজরদারি ও আটক করার অঙ্গীকারের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই অবরোধ ও তল্লাশি কার্যক্রম পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।