
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর সুবর্ণচর উপজেলাতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নর দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে। দুই বোন স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই বোন বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে অবস্থান করছিল। সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি খামারের পুকুরে গোসল করতে যায় তারা। একপর্যায়ে ছোট বোন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে বড় বোন এগিয়ে যায়। এতে দুজনই পানিতে নিখোঁজ হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে প্রথমে এক বোনকে উদ্ধার করেন। এরপর জাল ফেলে অপর বোনকে উদ্ধার করা হয়। তাদের দ্রুত স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ ও বেদনার সৃষ্টি হয়েছে।